দুর্যোগসহ যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় দেশে খাদ্যের ঘাটতি হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেছেন, দেশের প্রতিটি জেলার খাদ্যগুদামে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। জরুরি পরিস্থিতিতে মানুষের কাছে দ্রুত খাদ্য পৌঁছে দেওয়ার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
রোববার (৩০ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ জেলা খাদ্যগুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, ‘খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর আমার প্রথম কাজ হলো দেশে খাদ্যের মজুত পর্যাপ্ত আছে কি না এবং খাদ্য নিরাপদে সংরক্ষিত হচ্ছে কি না, তা খতিয়ে দেখা। এ লক্ষ্যেই দেশের বিভিন্ন জেলার খাদ্যগুদাম পরিদর্শন করছি। দেশের প্রতিটি জেলার খাদ্যগুদামে পর্যাপ্ত খাদ্যের মজুত রয়েছে।’
খাদ্যগুদামের ব্যবস্থাপনা ও সংরক্ষিত খাদ্যের মান ঠিক রাখার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, কোনো ধরনের অনিয়ম বা অব্যবস্থাপনা বরদাশত করা হবে না।
তিনি বলেন, ‘কোনো খাদ্যগুদামে অনিয়ম, অব্যবস্থাপনা বা খাদ্যের মান নিয়ে সমস্যা পাওয়া গেলে সংশ্লিষ্ট গুদামের কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
দেশে দুর্যোগ কিংবা অন্য কোনো জরুরি পরিস্থিতি সৃষ্টি হলে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে বলেও জানান খাদ্যমন্ত্রী।
আফরোজা খানম রিতা বলেন, ‘দেশে দুর্যোগ বা কোনো জরুরি পরিস্থিতি তৈরি হলে মানুষের কাছে যাতে দ্রুত খাদ্য পৌঁছে দেওয়া যায়, সে জন্য প্রতিটি জেলার খাদ্যগুদামে চাহিদা অনুযায়ী খাদ্যের মজুত গড়ে তোলা হচ্ছে।’
তিনি বলেন, পর্যাপ্ত খাদ্য মজুতের পাশাপাশি তা নিরাপদ ও মানসম্মতভাবে সংরক্ষণ নিশ্চিত করতেও খাদ্য মন্ত্রণালয় গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে দেশের বিভিন্ন জেলার খাদ্যগুদাম পরিদর্শন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।