বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন

দেশকে অস্থিতিশীল করতে মানুষকে উসকে দেওয়ার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৮ জন সংবাদটি দেখেছেন

দেশকে অস্থিতিশীল করতে একটি মহল গুজব ছড়িয়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে মানুষকে উসকে দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ধরনের অপচেষ্টা মোকাবিলায় ধর্মীয় সম্প্রীতি ও সহিষ্ণুতা বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, সবার গর্বিত পরিচয়—আমরা সবাই বাংলাদেশি।’

‘ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে ঐক্যবদ্ধ থাকতে হবে’

প্রধানমন্ত্রী বলেন, দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানাভাবে গুজব ছড়াচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে মানুষকে উসকে দেওয়ার চেষ্টা করছে। এ কারণে ধর্মীয় সম্প্রীতি ও সহিষ্ণুতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

দেশের অতীত রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, ‘জনগণের সব অধিকার কেড়ে কংসের মতো নিষ্ঠুর শাসক এ দেশের জনগণের কাঁধে চেপে বসেছিল। হাজারো প্রাণের বিনিময়ে সেই ফ্যাসিস্টের পতন ঘটেছে।’

তিনি বলেন, এখন অর্থনৈতিক, সামাজিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়ে দেশ পুনর্গঠনের পালা।

পুরোহিত ও সেবায়েতদের সম্মানি বিতরণ

জন্মাষ্টমী উপলক্ষে সকাল ১০টায় সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবায়েতদের মধ্যে সম্মানি বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে নয়জন পুরোহিত ও সেবায়েতের হাতে ভাতা তুলে দেন তারেক রহমান। একই সঙ্গে সারা দেশে আরও ৬৪ জন পুরোহিত ও সেবায়েতকে ভাতা দেওয়া হয়।

এর আগে জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ সচিবালয়ে নিজ দপ্তর থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com