বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া গ্রামের রোজি আক্তার লিজা (৩১) নামে এক যুবতীর লিঙ্গ পরিবর্তন প্রক্রিয়ার অংশ হিসেবে অস্ত্রোপচারের পর মৃত্যু হয়েছে। গত ৫ সেপ্টেম্বর ঢাকার পান্থপথের ইউনিহেলথ স্পেশালাইজড হাসপাতালে অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর রোববার ভোরে তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হরমোন চিকিৎসা নিচ্ছিলেন লিজা। পুরুষ হওয়ার উদ্দেশ্যে প্রথম ধাপে স্তন অপসারণের অস্ত্রোপচার করাতে ৩ সেপ্টেম্বর তাকে ‘সরফরাজ’ নামে হাসপাতালে ভর্তি করা হয়।
লিজার ঘনিষ্ঠ পরিচিত জেনিফা আক্তারের দাবি, পরিবারের সম্মতিতেই অস্ত্রোপচার করা হয়েছিল। তবে লিজার বাবা আব্দুর রব হাওলাদার বলেছেন, অস্ত্রোপচারের বিভিন্ন বিষয় সম্পর্কে তিনি বিস্তারিত জানতেন না।
হাসপাতালের দেওয়া মৃত্যু সনদে লিজার নাম ‘সরফরাজ’ এবং লিঙ্গ পুরুষ হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় হাসপাতালটির অনুমোদন, চিকিৎসা প্রক্রিয়া এবং অস্ত্রোপচারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয়রা বিষয়টির নিরপেক্ষ তদন্ত এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।