কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরের বিভিন্ন দপ্তর ও বিভাগ পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। এ সময় ২২ কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ কর্মস্থলে অনুপস্থিত পাওয়া গেছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে অফিস সময় শুরু হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক দপ্তর ও বিভাগ সরেজমিনে পরিদর্শন করেন উপাচার্য। এ সময় তিনি কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, দাপ্তরিক কার্যক্রম ও অফিসগুলোর সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পরিদর্শনকালে ২২ কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ অফিসে অনুপস্থিত পাওয়া যায়। যথাসময়ে কর্মস্থলে উপস্থিত না থাকায় তাঁদের সতর্ক করেন উপাচার্য। একই সঙ্গে ভবিষ্যতে দায়িত্ব পালনে আরও আন্তরিক ও সচেতন হওয়ার নির্দেশনা দেন তিনি।
পরিদর্শনের সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন উপাচার্য। নিয়মিত ও যথাসময়ে কর্মস্থলে উপস্থিত থেকে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি নিশ্চিত করতে প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে। সময়ানুবর্তিতা, দায়িত্বশীলতা ও জবাবদিহিতা একটি প্রতিষ্ঠানের কর্মদক্ষতা বৃদ্ধির অন্যতম প্রধান শর্ত।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমকে আরও কার্যকর, গতিশীল ও জনবান্ধব করতে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনাও দেন উপাচার্য।
প্রশাসনিক কার্যক্রমে শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের পরিদর্শন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।