ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকারকে কোনোভাবে অবহিত করা হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন কয়েক ধাপে ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে—এমন খবর স্থানীয় সরকার মন্ত্রণালয়ও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছে। তবে এ বিষয়ে সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের কোনো পত্র যোগাযোগ বা আলোচনা হয়নি।
তিনি বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান এবং নির্বাচন আয়োজনের সাংবিধানিক ক্ষমতা তাদের রয়েছে। প্রচলিত নিয়ম অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন সরকারের সঙ্গে আলোচনা করে, প্রস্তুতি সভা ও আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভার পর নির্বাচনের তারিখ ঘোষণা করে। এ ক্ষেত্রে বাজেটসহ বিভিন্ন বিষয়ও বিবেচনার প্রয়োজন হয়।
মীর শাহে আলম বলেন, “নির্বাচন কমিশন যে তারিখগুলো ঘোষণা করেছে, এ ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি এবং সরকার এ বিষয়ে কিছু জানে না।”
এর আগে সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাত ধাপে ইউপি নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথা জানান। তিনি প্রথম ধাপের সম্ভাব্য ভোটের তারিখ ১২ নভেম্বর বলে উল্লেখ করেন।
তবে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, ঘোষিত তারিখগুলো প্রাথমিক। ১৭ সেপ্টেম্বর ইসির আন্তঃবিভাগীয় বৈঠকের পর তারিখ চূড়ান্ত করা হবে। স্থানীয় সরকার নির্বাচন আয়োজন নিয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে নির্বাচন কমিশন কোনো আনুষ্ঠানিক চিঠি পেয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।