রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিলের বিষয়ে গোয়েন্দা তথ্য ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ মাঝেমধ্যে বিভিন্ন ধরনের অপতৎপরতা চালাচ্ছে। ফজরের নামাজের পর অল্পসংখ্যক নেতাকর্মী নিয়ে মিছিল করে ভিডিও ধারণের ঘটনাও ঘটছে। এসব ঘটনা আইনশৃঙ্খলা বাহিনী পর্যবেক্ষণ করছে বলে জানান তিনি।
গুলশানের মিছিল প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, শুক্রবার বেলা ১১টার দিকে জুমার নামাজ আদায়ের কথা বলে সেখানে কিছু লোক জড়ো হয়েছিল। পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, “আমাদের গোয়েন্দা তথ্য ছিল। কিন্তু শুক্রবার পুলিশ হয়তো আন্দাজ করতে পারেনি যে ওই সময় ওই এলাকায় জুমার নামাজ পড়তে এসে তারা এ রকম একটা কিছু করতে পারে।”
গুলশানের ঘটনাকে পুলিশের ব্যর্থতা হিসেবে দেখার সুযোগ নেই দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সেটাকে ব্যর্থতা বলার কোনো সুযোগ নেই। আমরা পরবর্তীতে ব্যবস্থা নিয়েছি, সেটা আপনারা জানেন।”
গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর গুলশান থানার ৩ নম্বর সড়কের কেএফসির পাশের একটি গলিতে কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল করেন।