আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থান নিয়েছে বিএনপি। বিদ্রোহী প্রার্থী ঠেকাতে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে দলটি। এ লক্ষ্যে প্রতিটি এলাকায় আলোচনা ও ঐকমত্যের ভিত্তিতে একক প্রার্থী চূড়ান্ত করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় একই এলাকা থেকে বিএনপির একাধিক নেতা প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে অনেকেই নিজেদের দল-সমর্থিত প্রার্থী হিসেবে প্রচার করতে পারেন। এমন পরিস্থিতি এড়াতে কেন্দ্রীয়ভাবে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।
ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় গণসংযোগ শুরু করেছেন। পাশাপাশি দলীয় সমর্থন আদায়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও যোগাযোগ বাড়াচ্ছেন। এ অবস্থায় দলের ভেতরে সমন্বয় বজায় রাখতে সাংগঠনিক তৎপরতা জোরদার করেছে বিএনপি।
দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করতে বিভাগ ও জেলার নেতাদের সঙ্গে ধারাবাহিক সাংগঠনিক বৈঠক করেছেন তারেক রহমান। এসব বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ছিল।
সূত্র জানায়, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু করতে এবং স্থানীয় পর্যায়ে সর্বসম্মত প্রার্থী নির্ধারণে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দলের অভ্যন্তরীণ বিরোধ নিষ্পত্তি এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর পুনর্গঠন সম্পন্ন করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ প্রার্থী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, চূড়ান্ত প্রার্থী নির্ধারণের পর সবাইকে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিএনপি সূত্র আরও জানায়, কেন্দ্র থেকে প্রার্থী চাপিয়ে দেওয়ার পরিবর্তে স্থানীয় নেতা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সাংগঠনিক ইউনিটগুলোর মতামতের ভিত্তিতে গ্রহণযোগ্য প্রার্থী বাছাই করা হবে। এ লক্ষ্যে বিভিন্ন জেলায় মতবিনিময় সভা করছেন কেন্দ্রীয় নেতারা।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘যোগ্য ব্যক্তিকেই প্রার্থী করবে বিএনপি। তবে আগামী দিনে তরুণ ও মধ্যবয়সী নেতৃত্ব বেশি গুরুত্ব পাবে। দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ প্রার্থী হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় অনেকেই প্রার্থী হতে চাইবেন। এ বিষয়ে নেতাকর্মীদের আগেই সতর্ক করা হয়েছে। জনগণের প্রত্যাশা ও স্থানীয় জনপ্রিয়তা বিবেচনায় নিয়ে যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী বাছাই করা হবে।’ খবর সুত্র- এনপিবি নিউজ।