সামাজিক যোগাযোগমাধ্যমে বেনামী বা পরিচয়বিহীন সংবাদমাধ্যমের ফটোকার্ড ব্যবহার করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ইউএস কনস্টিটিউশন ডে উদ্যাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় সাইবার সুরক্ষা আইন সংশোধনের বিষয়েও কথা বলেন আইনমন্ত্রী। তিনি জানান, আইনটি বর্তমানে খসড়া পর্যায়ে রয়েছে। সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে আলোচনা করেই এটি সংশোধন করা হবে।
মন্ত্রী বলেন, ‘সকল অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে সাইবার সুরক্ষা সংশোধন করা হবে। বর্তমানে এটি খসড়া পর্যায়ে আছে। মানুষের প্রয়োজন অনুযায়ী আইনের সংশোধন করা হবে।’
বাক্স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যাতে না হয়, সে বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে বলে জানান তিনি। আইনমন্ত্রী বলেন, ‘বাক স্বাধীনতা নিশ্চিতে ব্যক্তির সম্মান হানি যাতে না হয়, সে বিষয়টিকে নজরে রেখেই কার্যক্রম চলমান আছে।’
অনুষ্ঠানে মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী করার কথাও জানান আইনমন্ত্রী। তিনি বলেন, সাংবিধানিক শাসন ও সুশাসন প্রতিষ্ঠা সরকারের অন্যতম অগ্রাধিকার।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বের যেকোনো ট্রাইব্যুনালের তুলনায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া এগিয়ে রয়েছে। তিনি বলেন, ‘ব্যক্তি নয়, মানবতাবিরোধী অপরাধের বিচার করাই আমাদের মূল উদ্দেশ্য।’
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়বিহীন সংবাদমাধ্যমের ফটোকার্ড ব্যবহার করে বিভ্রান্তি বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আইনমন্ত্রী।