২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টায় ফল প্রকাশ করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
প্রকাশিত ফলাফলের মাধ্যমে শিক্ষার্থীরা জানতে পারবেন, তারা কোন কলেজে ভর্তির জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন।
শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে গিয়ে ফলাফল দেখতে পারবেন। এছাড়া নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হবে।
চূড়ান্ত ফল প্রকাশের পর আগামী ২০ সেপ্টেম্বর থেকে কলেজে ভর্তি কার্যক্রম শুরু হবে। নির্বাচিত শিক্ষার্থীদের মনোনীত কলেজে সশরীরে উপস্থিত হয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ভর্তি কার্যক্রম চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। ওই ফলাফলে দেখা যায়, মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেন। তাদের মধ্যে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন কলেজে ভর্তির জন্য মনোনয়ন পান।
তবে আবেদন করেও ১৪ হাজার ৪১৫ জন শিক্ষার্থী কোনো কলেজে মনোনয়ন পাননি। তাদের মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিল ২ হাজার ২০৫ জন।
বোর্ডের তথ্য অনুযায়ী, দেশের ১১টি অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পছন্দক্রম দেয়নি। এছাড়া ৪১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও মনোনয়ন পায়নি।
গত ২ সেপ্টেম্বর অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয়। আবেদন গ্রহণ শেষ হয় ১৩ সেপ্টেম্বর রাত ৮টায়। ভর্তি নির্দেশিকা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দ দেওয়ার সুযোগ পেয়েছেন।