রাত থেকে দেশের বিস্তীর্ণ অঞ্চলে তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার মধ্যে দেশের পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি ও তীব্র বজ্রপাত হতে পারে। এ সময়ে কোথাও কোথাও ভারি বৃষ্টিও হতে পারে।
বিডব্লিউওটি জানিয়েছে, বায়ুমণ্ডলে অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় দেশের ৩৭টি জেলা ও আশপাশের এলাকায় আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন হতে পারে। এসব এলাকায় সাময়িক দমকা বাতাসের সঙ্গে এক থেকে তিন দফায় তীব্র বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, নড়াইল ও যশোর অঞ্চলে এ ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে।
এ সময় চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের বেশ কয়েকটি স্থানে সাময়িকভাবে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।
এদিকে রোববার দুপুর থেকে রাতের মধ্যে উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগের কয়েকটি জেলায় বৃষ্টিপাতের বিস্তার ঘটতে পারে বলেও জানিয়েছে বিডব্লিউওটি।