রাজধানী ঢাকায় অফিস খোলার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান ও মার্কিন প্রযুক্তি কোম্পানি মেটা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরের প্রথম দিনের কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মেটার সঙ্গে বাংলাদেশের একটি ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ঢাকায় মেটার অফিস স্থাপনের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
তিনি জানান, ঢাকাকে মেটার আঞ্চলিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে কোম্পানিটির ইতিবাচক আগ্রহ রয়েছে।
শামা ওবায়েদ বলেন, “তারা খুবই আগ্রহী। এর ফোকাল পয়েন্ট ঢাকায় করবে, কারণ ভারতের চেয়েও বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারী বেশি।”
বৈঠকে বাংলাদেশের সাইবার সিকিউরিটি অ্যাক্ট (সিএসএ) নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি দেশের ডিজিটাল অর্থনীতি, ই-কমার্স এবং অনলাইন ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে মেটার সম্ভাব্য সহযোগিতার বিষয়ও আলোচনায় উঠে আসে।
সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে, মেটা ঢাকায় অফিস স্থাপন করলে দেশের ডিজিটাল খাত, প্রযুক্তিনির্ভর ব্যবসা এবং অনলাইন উদ্যোক্তারা সরাসরি সহযোগিতা ও সেবা পাওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপনা, কনটেন্ট নীতি এবং ডিজিটাল ব্যবসা সম্প্রসারণেও নতুন সম্ভাবনা তৈরি হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফর ঘিরে আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাংলাদেশ সরকারের এই ধরনের যোগাযোগকে দেশের ডিজিটাল অর্থনীতি বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।