জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে পাঁচ দিনের নিউইয়র্ক সফর শেষ করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা ২১ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮২ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ইউএনজিএর ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে অংশগ্রহণ, উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠক এবং বিভিন্ন আন্তর্জাতিক কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী গত ২৫ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় নিউইয়র্ক ত্যাগ করেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রী চার দিনের কর্মসূচিতে মোট ৩০টি সরকারি অনুষ্ঠানে অংশ নেন। এর মধ্যে ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
এসব বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বিষয়ক আলোচনা গুরুত্ব পায়।
সফরকালে প্রধানমন্ত্রী ইউএনজিএ-সংশ্লিষ্ট আটটি কর্মসূচি, চারটি উচ্চপর্যায়ের সাইডলাইন ইভেন্ট এবং ১১টি দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান এবং বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও মতবিনিময় করেন।
এদিকে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সফরকালে আটটি উচ্চপর্যায়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এর মধ্যে চারটি অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন। এসব কর্মসূচির মধ্যে ছিল নারী নেতৃত্ব, মাতৃ ও শিশু স্বাস্থ্য, মিডওয়াইফারি এবং ফার্স্ট স্পাউসেস’ ডায়ালগ বিষয়ক আন্তর্জাতিক আয়োজন।
সরকারি সূত্র বলছে, সফরকালে অনুষ্ঠিত বৈঠক ও আলোচনাগুলো বাংলাদেশের আন্তর্জাতিক সহযোগিতা, বিনিয়োগ আকর্ষণ এবং বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে দেশের অবস্থান তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।