দেশে চলমান চাঁদাবাজির প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে ‘গণভিক্ষা ও পুনর্বাসন দানবাক্স’ কর্মসূচি পালন করা হয়।
সোমবার বিকেলে রাজধানীর বাংলামোটর এলাকায় এ কর্মসূচিকে কেন্দ্র করে মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা। এ সময় চাঁদাবাজির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা।
মিছিলে ‘ভিক্ষা লাগলে ভিক্ষা নে, চাঁদাবাজি ছাইড়া দে’ এবং ‘ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, চাঁদাবাজের আস্তানা’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
এর আগে চাঁদাবাজির বিকল্প হিসেবে বাংলামোটরে ‘পুনর্বাসন দানবাক্স’ স্থাপন এবং গণভিক্ষা কর্মসূচির ঘোষণা দেন হাসনাত আবদুল্লাহ।
সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘১৭ বছর ধরে সরকারদলীয় অনাহারী নেতাকর্মীদের জন্য এবার গণভিক্ষা কর্মসূচি! ভিক্ষা দিন—আপনার ১ টাকাই হয়তো একজনকে চাঁদাবাজির পথ থেকে দূরে রাখবে।’
পোস্টে তিনি আরও বলেন, ‘দান করুন, চাঁদাবাজি বন্ধ করুন; সতেরো বছরের অভুক্ত চাঁদাবাজদের জাতীয় পুনর্বাসনে আপনিও অংশ নিন।’
এনসিপির নেতারা বলছেন, চাঁদাবাজির সংস্কৃতির বিরুদ্ধে জনসচেতনতা তৈরি এবং এর বিকল্প হিসেবে প্রতীকীভাবে এ কর্মসূচি পালন করা হয়েছে।