মাঠে একটি বলও গড়াতে হয়নি। বৃষ্টির কারণে কোয়ার্টার ফাইনাল ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সরাসরি এশিয়ান গেমস পুরুষ ক্রিকেটের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বাংলাদেশ সময় সকাল ১১টায় খেলা শুরু হওয়ার সূচি থাকলেও টানা বৃষ্টিতে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ায় নির্ধারিত সময়ের প্রায় সাড়ে তিন ঘণ্টা আগেই ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়।
পরবর্তীতে টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় মালয়েশিয়াকে পেছনে ফেলে সেমিফাইনালে উঠে যায় বাংলাদেশ।
বিষয়টি নিশ্চিত করে দলের ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ‘সকালে গেমস কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে যে বৃষ্টির কারণে খেলা হচ্ছে না। তাই দল আর স্টেডিয়ামে যাবে না।’
চলতি এশিয়ান গেমসে বৃষ্টির প্রভাব এবারই প্রথম নয়। এর আগে টুর্নামেন্টের প্রথম দুই কোয়ার্টার ফাইনালও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এছাড়া সোমবার নেপাল ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচও বৃষ্টিতে ভেস্তে যায়।
সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী পাকিস্তান। আগামী ১ অক্টোবর অনুষ্ঠিত হবে দুই দলের লড়াই।
তবে বাংলাদেশের জন্য রয়েছে বাড়তি শঙ্কাও। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, সেমিফাইনাল ম্যাচটিও যদি বৃষ্টি বা বৈরী আবহাওয়ার কারণে পরিত্যক্ত হয়, তাহলে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা পাকিস্তান সরাসরি ফাইনালে উঠে যাবে। সে ক্ষেত্রে বাংলাদেশের সামনে থাকবে ব্রোঞ্জ পদকের জন্য লড়াই করার সুযোগ।
বৃষ্টির সৌভাগ্যে সেমিফাইনালে ওঠা বাংলাদেশ এখন পাকিস্তানকে হারিয়ে ফাইনালের স্বপ্ন দেখছে।