রাজধানীর আদাবরে বাড়ি দখলের চেষ্টা, ভাঙচুর ও চাঁদাবাজির মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযানের সময় গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে রাজিব হাওলাদার ও সাগর ওরফে ছোট বিগার নামে দুই তরুণ পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ৩৫ মিনিটের দিকে নবোদয় হাউজিং কাঁচাবাজারসংলগ্ন মেলার মাঠের পেছনে খালপাড়ের একটি ফাঁকা জায়গায় এ ঘটনা ঘটে।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গর জানান, শ্যামলী হাউজিংয়ের ৮ নম্বর সড়কের একটি বাড়ি দখলের চেষ্টা, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে গত ২৭ সেপ্টেম্বর থানায় মামলা হয়। ওই মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছিল।
পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ২টার দিকে কয়েকজন আসামির নবোদয় হাউজিং এলাকায় অবস্থানের খবর পাওয়া যায়। পরে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।
ওসি বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে সাত থেকে আটজন ধারালো অস্ত্র নিয়ে পুলিশকে আক্রমণের চেষ্টা করেন। এ সময় আত্মরক্ষার্থে কনস্টেবল মোশরেকুল ইসলামের শটগান থেকে দুটি গুলি ছোড়া হয়। এতে রাজিব ও সাগর পায়ে গুলিবিদ্ধ হন।
পরে ঘটনাস্থল থেকে রাজিব, সাগর, শাকিব ও রাশেদকে গ্রেপ্তার করা হয়। অন্যরা সেখান থেকে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে চাপাতি, সামুরাই ও কিরিস উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার রাজিব হাওলাদার মোহাম্মদপুরের আলোচিত বাবু হত্যা মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি। সাগর ওরফে ছোট বিগারের বিরুদ্ধে আদাবর ও মোহাম্মদপুর থানায় আটটি মামলা রয়েছে। শাকিব ও রাশেদের বিরুদ্ধে পাঁচটি করে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গুলিবিদ্ধ রাজিব ও সাগরকে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।