নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপার কাজ কতটা এগিয়েছে এবং বইয়ের মান ঠিক আছে কি না, তা সরেজমিনে দেখতে গভীর রাতে রাজধানীর ছয়টি ছাপাখানা পরিদর্শন করেছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল মিলন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ১২টার পর পূর্বঘোষণা ছাড়াই তিনি এসব প্রেসে যান। আকস্মিক এ পরিদর্শনে পাঠ্যবই ছাপার বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করেন মন্ত্রী।
পরিদর্শন করা ছাপাখানাগুলো হলো মৌসুমী অফসেট প্রেস, ফায়িজা প্রিন্টিং প্রেস, শৈলী প্রিন্টার্স, বর্ণশিখা অফসেট প্রিন্টার্স, সোনালী ওয়েব প্রিন্টার্স ও ন্যাশনাল প্রিন্টার্স।
পরিদর্শনকালে বিভিন্ন প্রেসে পাঠ্যবই ছাপার অগ্রগতি সরেজমিনে দেখেন শিক্ষামন্ত্রী। একই সঙ্গে বইয়ের ছাপার মান, কাগজের গুণগত মান এবং নতুন শিক্ষাবর্ষের জন্য সার্বিক প্রস্তুতি নিয়ে প্রেস মালিক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
সংশ্লিষ্টরা জানান, নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই শিক্ষার্থীদের হাতে মানসম্মত পাঠ্যবই পৌঁছে দেওয়ার প্রস্তুতি কতটা সন্তোষজনক, তা যাচাই করতেই মন্ত্রীর এ আকস্মিক পরিদর্শন। গভীর রাতে পূর্বঘোষণা ছাড়া প্রেসগুলোতে যাওয়ার মাধ্যমে পাঠ্যবই ছাপার প্রকৃত পরিস্থিতি সরাসরি দেখার উদ্যোগ নেন তিনি।