চট্টগ্রাম নগরীতে শেখ হাসিনার জন্মদিন পালন ও কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে নগরীর খুলশী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সোহেল প্রকাশ মনু (২২), আরিফুল ইসলাম (২৩), মো. দেলোয়ার হোসেন প্রকাশ সাঈদ (২৩), আশরাফুজ জামান প্রকাশ জনি (২১), মো. পারভেজ (৬০) ও মো. শাহাবউদ্দিন (৪৫)।
পুলিশ জানায়, শেখ হাসিনার জন্মদিন পালনকে কেন্দ্র করে আয়োজিত কর্মসূচির বিভিন্ন ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তাদের শনাক্ত করা হয়। পরে নগরীর খুলশী থানার টাইগারপাস রেলওয়ে স্কুলের পাশেসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম বলেন, সোমবার রাত ৮টা থেকে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত খুলশী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তারদের বিরুদ্ধে কী ধারায় মামলা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা বিস্তারিত জানানো হয়নি।