আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ ওয়ানডে র্যাংকিংয়ে দারুণ অবস্থানে পাকিস্তানের ক্রিকেটাররা। দক্ষিণ আফ্রিকার পর শ্রীলঙ্কাকে সিরিজে হারানোর পর তাদের র্যাংকিংয়ে বড় উত্থান দেখা গেছে।
রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৬ রানের জয়ে উজ্জ্বল ছিলেন সালমান আগা ও হুসেইন তালাত। সালমান আগা ৮৭ বলে ১০৫ রানের ঝোড়ো ইনিংস খেলে ক্যারিয়ার সেরা ৬৩৯ রেটিং পয়েন্ট অর্জন করেছেন। এতে তিনি ১৪ ধাপ এগিয়ে উঠেছেন ১৬তম স্থানে।
অন্যদিকে দক্ষিণ আফ্রিকা সিরিজে ধারাবাহিক পারফরম্যান্সে সাইম আয়ুবও এগিয়ে গেছেন ১৮ ধাপ, বর্তমানে তিনি যৌথভাবে ৩৫তম স্থানে আছেন।
হারিস রউফ শ্রীলঙ্কার বিপক্ষে চার উইকেট শিকার করে বোলিং র্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে ২৮তম হয়েছেন। তার সতীর্থ লেগ স্পিনার আবরার আহমেদ ১৭ ধাপ লাফিয়ে নতুন উচ্চতায়—দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ার সেরা বোলিংয়ের পর।
দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক দুর্দান্ত ফর্মে আছেন। পাকিস্তানের বিপক্ষে টানা তিন ফিফটির পর তিনি চার ধাপ এগিয়ে ১৫তম স্থানে। শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ব্যাট ও বল হাতে উজ্জ্বল ছিলেন—বোলিং র্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে নবম, আর ব্যাটিংয়ে ১৪ ধাপ এগিয়ে ১১৬তম স্থানে উঠেছেন।
তবে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমের ফর্মহীনতা অব্যাহত। সর্বশেষ ম্যাচে ২৯ রানে আউট হওয়ায় র্যাংকিংয়ে দুই ধাপ নেমে সপ্তম স্থানে গেছেন তিনি। ছয় বছর পর এই প্রথম বাবর ওয়ানডে ব্যাটিং র্যাংকিংয়ের শীর্ষ পাঁচের বাইরে গেলেন।