রংপুরের পীরগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয়ে ভোটার হতে এসে শওকত নামে এক রোহিঙ্গা যুবক গ্রেপ্তার হয়েছেন। পুলিশের দাবি, তিনি কক্সবাজারের টেকনাফ থেকে পীরগঞ্জে এসেছিলেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক। এর আগে সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে উপজেলা নির্বাচন কার্যালয়ে গেলে সন্দেহ হয় কর্মকর্তাদের। পরে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, শওকত নিজেকে উপজেলার পাঁচগাছি ইউনিয়নের জাহাঙ্গীরাবাদ গ্রামের বাসিন্দা পরিচয় দিয়ে ভোটার হওয়ার জন্য আবেদন করেন। এ সময় তিনি নাগরিকত্ব সনদ, জন্মনিবন্ধনসহ বিভিন্ন কাগজপত্র জমা দেন।
তবে কাগজপত্র যাচাইয়ের সময় তার কথাবার্তা ও দেওয়া তথ্য নিয়ে কর্মকর্তাদের সন্দেহ হয়। একপর্যায়ে তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হলে শওকত জানান, ভোটার হওয়ার জন্য তিনি কক্সবাজারের টেকনাফ থেকে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে পীরগঞ্জে এসেছেন।
শওকতের দাবি, ওই ব্যক্তি তাকে পীরগঞ্জের নাগরিক বানিয়ে বিদেশে পাঠানোর কথা বলে এখানে নিয়ে আসেন। পীরগঞ্জে পৌঁছানোর পর ওই ব্যক্তি তাকে উপজেলা নির্বাচন কার্যালয়ে নিয়ে যান। পরে তাকে সেখানে রেখে চলে যান। যাওয়ার সময় ওই ব্যক্তি নিজের ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটিও শওকতের ফোন থেকে মুছে দেন বলে তিনি জানান।
এ কারণে ওই ব্যক্তির নাম-পরিচয়, ঠিকানা কিংবা বর্তমানে তিনি কোথায় আছেন, সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি শওকত।
পরে নির্বাচন কর্মকর্তারা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
পীরগঞ্জ থানার ওসি নজমূল হক বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, টেকনাফ থেকে স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে ওই যুবক পীরগঞ্জে এসেছেন ভোটার হওয়ার জন্য। ওই ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।