জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর তার সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি ১ অক্টোবর পদত্যাগ করায় জাতীয় সংসদের ৩২৩ নম্বর আসন (সংরক্ষিত মহিলা আসন-২৩) সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী একই তারিখ থেকে শূন্য হয়েছে।
বিজ্ঞপ্তিতে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাক্ষর রয়েছে। আসনটি শূন্য হওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ, নির্বাচন কমিশন সচিবালয়সহ সংশ্লিষ্ট দফতরগুলোতে বিজ্ঞপ্তির অনুলিপি পাঠানো হয়েছে।
সংসদের কার্যপ্রণালী বিধির ১৭৭ বিধি অনুযায়ী, কোনো সংসদ সদস্য পদত্যাগ করতে চাইলে স্পিকারকে উদ্দেশ করে নিজ স্বাক্ষরযুক্ত লিখিত পত্র জমা দিতে হয়। স্পিকারের কাছে পদত্যাগপত্র পৌঁছানোর পর সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী পদত্যাগ কার্যকর হয় এবং সংশ্লিষ্ট আসন শূন্য বলে গণ্য হয়।
এর আগে বৃহস্পতিবার দুপুরে ফেরদৌসী আহমেদ মিষ্টি জাতীয় সংসদের স্পিকারের কাছে তার পদত্যাগপত্র জমা দেন।
সম্প্রতি রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনায় আসে। এর প্রেক্ষাপটে তিনি সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ান।