সিরাজগঞ্জের কামারখন্দে অবৈধভাবে ইউরিয়া সার মজুতের দায়ে মনিরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ধোপাকান্দি গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। মনিরুল ইসলাম ধোপাকান্দি গ্রামের আব্দুর রশিদের ছেলে।
শুক্রবার (২ অক্টোবর) সকালে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে মনিরুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সেখানে অবৈধভাবে মজুত করা ১৮ বস্তা ইউরিয়া সার পাওয়া যায়।
পরে সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী তাঁকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানের সময় কামারখন্দ উপজেলা কৃষি কর্মকর্তা ফরিদ হোসাইন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।