লালমনিরহাটের আদিতমারী উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. নুরনবী (২০)কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)।
শনিবার (৩ অক্টোবর) গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। নুরনবী আদিতমারী উপজেলার গোবর্ধন পাকারমাথা গ্রামের নবিয়ার হোসেনের ছেলে। তিনি ভুক্তভোগী নারীর জ্যাঠাতো দেবর বলে জানা গেছে।
এসআরবি-১৩ সূত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামী দীর্ঘ তিন বছর ধরে দুবাইয়ে কর্মরত। এ সুযোগে অভিযুক্ত নুরনবী বিভিন্ন সময় ওই নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে। প্রস্তাবে সাড়া না দেওয়ায় সে ক্ষুব্ধ হয়ে ওঠে।
মামলার এজাহার অনুযায়ী, গত ২০ সেপ্টেম্বর দিবাগত রাতে ভুক্তভোগী নারী বাড়ির বাইরে গেলে অভিযুক্ত কৌশলে তার ঘরে প্রবেশ করে লুকিয়ে থাকে। পরে নারী ঘরে ফিরে এলে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর আদিতমারী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন ভুক্তভোগী।
মামলা দায়েরের পর আসামিকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩-এর একটি আভিযানিক দল শনিবার রাত ১২টা ১০ মিনিটের দিকে আদিতমারী উপজেলার দীঘলটারী এলাকায় অভিযান চালিয়ে নুরনবীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১৩ জানিয়েছে, হত্যা, অপহরণ, ধর্ষণসহ বিভিন্ন গুরুতর অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।