নয় দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
শনিবার (৩ অক্টোবর) তিনি ঢাকা ছাড়েন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরের প্রথম ধাপে সেনাপ্রধান অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিতব্য ‘দ্য চিফ অব আর্মি সিম্পোজিয়াম অ্যান্ড ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সপোজিশন-২০২৬’-এ অংশ নেবেন। এছাড়া মেলবোর্নে অবস্থিত ডিকিন ইউনিভার্সিটি পরিদর্শনেরও কর্মসূচি রয়েছে তার।
সফরের দ্বিতীয় পর্যায়ে তিনি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘অ্যাসোসিয়েশন অব দ্য ইউএস আর্মি অ্যানুয়াল মিটিং অ্যান্ড এক্সপোজিশন’-এ যোগ দেবেন।
সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের শীর্ষ কর্মকর্তা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় করবেন। পাশাপাশি দুই দেশের বিভিন্ন সামরিক স্থাপনাও পরিদর্শন করবেন।
আইএসপিআর জানিয়েছে, এ সফর বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে বন্ধুপ্রতিম দেশগুলোর সামরিক সহযোগিতা, পেশাগত সম্পর্ক এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ে ইতিবাচক ভূমিকা রাখবে।