‘দৃশ্যম ৩’ দেখে বাবাকে হত্যার পরিকল্পনা, স্ত্রীর কাছে এক ফোন কলেই ধরা যুবক
সবশেষ আপডেট :
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
৭৭
জন সংবাদটি দেখেছেন
বলিউডের জনপ্রিয় থ্রিলার চলচ্চিত্র ‘দৃশ্যম ৩’ দেখে অনুপ্রাণিত হয়ে বাবাকে হত্যার পরিকল্পনা করেছিলেন ভারতের এক যুবক। প্রায় দুই হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাবাকে কুপিয়ে হত্যা করার পর ডিজিটাল প্রমাণ মুছে ফেলে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেন তিনি। তবে স্ত্রীর কাছে করা একটি ফোন কল শেষ পর্যন্ত তার পরিকল্পনা ভণ্ডুল করে দেয়।
ঘটনাটি ভারতের বিহার রাজ্যের সমস্তিপুর জেলার দরওয়া গ্রামে ঘটেছে। নিহত রঘুবীর সাহনির (৫০) ছেলে শিব শঙ্করকে এ ঘটনায় গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ২৬ জুলাই গভীর রাতে রঘুবীর সাহনি বাড়ির বাইরে ঘুমিয়ে ছিলেন। এ সময় শিব শঙ্কর কুড়াল দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যান।
তদন্তে জানা গেছে, গুজরাটের সুরাটে কর্মরত শিব শঙ্করের সঙ্গে তার বাবার দীর্ঘদিনের পারিবারিক বিরোধ ছিল। জমিজমা সংক্রান্ত দ্বন্দ্ব ছাড়াও স্ত্রীকে নিয়ে বাবার আচরণে ক্ষুব্ধ ছিলেন তিনি। সম্প্রতি তিনি অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম ৩’ সিনেমা দেখে তদন্ত এড়ানোর কৌশল সম্পর্কে ধারণা পান এবং হত্যার পরিকল্পনা করেন।
পরিকল্পনা অনুযায়ী সুরাট থেকে যাত্রা শুরুর সময়ই নিজের মোবাইল ফোন বন্ধ করে দেন শিব শঙ্কর। ট্রেন ও অন্যান্য যানবাহনে দীর্ঘ পথ পাড়ি দিয়ে গভীর রাতে গ্রামের বাড়িতে পৌঁছান। পরে ঘরে থাকা একটি কুড়াল দিয়ে বাবাকে হত্যা করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
তবে তদন্তকারীদের মতে, পরিকল্পনার সবচেয়ে বড় ভুল ছিল পটোরী স্টেশনে পৌঁছে মোবাইল ফোন চালু করে স্ত্রীর সঙ্গে কথা বলা। ওই কলের সূত্র ধরেই তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর বাবার শেষকৃত্যেও অংশ না নেওয়ায় শুরু থেকেই সন্দেহের তালিকায় ছিলেন শিব শঙ্কর। পরে প্রযুক্তিগত বিশ্লেষণে দেখা যায়, ঘটনার সময় তার মোবাইল ফোন বিহারের পটোরী এলাকায় সক্রিয় ছিল এবং কিছু সময় পর আবার সুরাটে অবস্থানের তথ্য দেয়।
ফরেনসিক তদন্তেও উঠে আসে, হত্যাকারী ভুক্তভোগীর পরিচিত কেউ। বিভিন্ন তথ্য-প্রমাণ যাচাইয়ের পর সুরাট থেকে শিব শঙ্করকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।