বাসযোগ্য ঢাকা গড়াই অগ্রাধিকার, বললেন এমপি ইশরাক হোসেন
সবশেষ আপডেট :
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
৮৮
জন সংবাদটি দেখেছেন
রাজধানীকে শুধু বড় বড় অবকাঠামো দিয়ে সাজানোর পরিবর্তে প্রথমে একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেছেন, বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ, ডেঙ্গু নিয়ন্ত্রণ, সড়ক, সড়কবাতি, ম্যানহোল ও যানজটসহ নগরজীবনের মৌলিক সমস্যাগুলোর সমাধানই এখন প্রধান অগ্রাধিকার হওয়া উচিত।
রোববার (৪ অক্টোবর) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, ঢাকা-৬ আসনের বিভিন্ন এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার সংকট প্রকট আকার ধারণ করেছে। বর্ষা মৌসুমে ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতার কারণে জলাবদ্ধতা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। পাশাপাশি ডেঙ্গু সংক্রমণও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। কয়েকটি ওয়ার্ডকে উচ্চঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এসব এলাকায় সিটি করপোরেশনের কার্যক্রম আরও জোরদার করার প্রয়োজন রয়েছে।
সড়ক অবকাঠামোর বিষয়ে তিনি বলেন, দায়িত্ব গ্রহণের সময় অনেক উন্নয়নকাজ অসমাপ্ত ছিল। বিভিন্ন কারণে ঠিকাদাররা কাজ ছেড়ে যাওয়ায় জনভোগান্তি বেড়েছিল। তবে অধিকাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে এবং কিছু এলাকায় সমাপনী কাজ চলছে।
পুরান ঢাকার বিভিন্ন এলাকায় সড়কবাতির অভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, অন্ধকার সড়কে বিশেষ করে নারী ও শিশুদের চলাচলে ঝুঁকি তৈরি হয়। দ্রুত এসব সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া প্রয়োজন।
খোলা ম্যানহোল ও ঢাকনা চুরির ঘটনায় দুর্ঘটনার ঝুঁকির কথাও তুলে ধরেন তিনি। এ বিষয়ে সিটি করপোরেশন ও ওয়াসার সমন্বিত পদক্ষেপের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।
যানজট ও অটোরিকশা ব্যবস্থাপনা নিয়ে তিনি জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনী ও সিটি করপোরেশনের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি কাজ করছে। কিছু এলাকায় সীমিত পরিসরে রিকশা চলাচল এবং অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের বিষয়েও আলোচনা চলছে।
তিনি বলেন, বিপুলসংখ্যক মানুষের জীবিকা অটোরিকশার সঙ্গে জড়িত। তাই বাস্তবতা বিবেচনায় নিয়ে পরিকল্পিত উপায়ে এ খাতকে নিয়ন্ত্রণ করতে হবে।
বুড়িগঙ্গা নদী দূষণের বিষয়ে ইশরাক হোসেন বলেন, শিল্পকারখানা ও রাসায়নিক বর্জ্য নদীতে ফেলা বন্ধ করার পাশাপাশি স্যুয়ারেজ ব্যবস্থার উন্নয়ন জরুরি। বর্জ্য পরিশোধনের পর নদীতে নির্গমনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
ঢাকার উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, নগর উন্নয়ন বলতে শুধু সেতু, সড়ক বা দালান নির্মাণ নয়; গ্যাস, পানি, ড্রেনেজ ও স্যুয়ারেজ ব্যবস্থার উন্নয়নও সমান গুরুত্বপূর্ণ। পুরোনো ঢাকার অবকাঠামো আধুনিকায়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে।
মেয়র নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দল চাইলে তিনি নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। তবে দল অন্য কাউকে মনোনয়ন দিলে তার পক্ষে কাজ করতেও তিনি প্রস্তুত রয়েছেন।