স্পেনের পার্লামেন্টে আবাসন সহায়তা বিষয়ক গুরুত্বপূর্ণ একটি বিল পাসে ব্যর্থ হওয়ার পর আগামী ২৯ নভেম্বর আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। বিশ্লেষকরা এটিকে ২০১৮ সাল থেকে ক্ষমতায় থাকা সমাজতান্ত্রিক নেতা সানচেজের জন্য বড় ধরনের রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখছেন।
সোমবার জাতির উদ্দেশে দেওয়া টেলিভিশন ভাষণে সানচেজ বলেন, দেশের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে জনগণের সমর্থন নতুন করে অর্জন এবং আরও শক্তিশালী করা প্রয়োজন। তিনি পার্লামেন্টে একটি বৃহত্তর প্রগতিশীল সংখ্যাগরিষ্ঠতা গঠনের প্রত্যাশাও ব্যক্ত করেন।
প্রস্তাবিত আবাসন নীতিতে ভাড়াটিয়াদের চুক্তির স্বয়ংক্রিয় নবায়ন এবং ঝুঁকিপূর্ণ ও অসহায় বাসিন্দাদের উচ্ছেদে কঠোর বিধিনিষেধের কথা ছিল। তবে সরকারের গুরুত্বপূর্ণ মিত্র কাতালান বিচ্ছিন্নতাবাদী দল জুন্টস বিলটির বিপক্ষে ভোট দেওয়ায় তা বাতিল হয়ে যায়। দলটির অভিযোগ, বিলটি পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই আনা হয়েছিল এবং এটি আবাসন সংকট আরও জটিল করে তুলতে পারত।
বিলটি প্রত্যাখ্যাত হওয়ার পর রাজধানী মাদ্রিদসহ বিভিন্ন শহরে আবাসন সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ শুরু হয়। সম্প্রতি ৮৭ বছর বয়সী পেনশনভোগী মারিকারমেন আবাসকালকে ভাড়া বৃদ্ধির জেরে নিজ বাসা থেকে উচ্ছেদের ঘটনা দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। পরে জনমতের চাপে তাকে কম ভাড়ায় পুনরায় ফ্ল্যাটে ফিরিয়ে নিতে বাধ্য হয় মালিকপক্ষ।
স্পেনে আবাসন ব্যয় গত এক দশকে উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী, এ সময়ে দেশটিতে গড় বাড়িভাড়া প্রায় দ্বিগুণ হয়েছে এবং আবাসন ক্রয়ের মূল্য বেড়েছে প্রায় ৯০ শতাংশ।
এদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানে সরকারের সাফল্যের দাবি করলেও দুর্নীতি কেলেঙ্কারি এবং অভিবাসন সংকট নিয়ে সমালোচনার মুখে রয়েছেন সানচেজ। বিশেষ করে উত্তর আফ্রিকা থেকে অভিবাসীদের আগমন এবং সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে বিরোধীদের চাপ ক্রমেই বাড়ছে।
প্রধান বিরোধী দল পপুলার পার্টির (পিপি) নেতা আলবার্তো নুনেজ ফেইজো দাবি করেছেন, বর্তমান পরিস্থিতিতে স্পেনের জনগণ পরিবর্তন চায়। সাম্প্রতিক জনমত জরিপেও পিপি ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টির চেয়ে এগিয়ে রয়েছে। তবে সরকার গঠনের জন্য দলটিকে কট্টর ডানপন্থি ভক্স পার্টির সমর্থনের প্রয়োজন হতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।