ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ওবায়দুল্লাহ মাসুদ দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য জানিয়ে তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এর ফলে আসনটিতে বিএনপির একক প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে থাকছেন জেলা বিএনপির সভাপতি ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিন।
রোববার (৪ অক্টোবর) জেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন ওবায়দুল্লাহ মাসুদ। সোমবার (৫ অক্টোবর) তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, “ছাত্রজীবনের শুরু থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছি। দলের আদর্শ থেকে কখনও বিচ্যুত হইনি। এখন দলীয় প্রার্থী মির্জা ফয়সল আমিনকে বিজয়ী করতে সর্বাত্মকভাবে কাজ করবো।”
ঠাকুরগাঁও-১ আসনটি সদর, রুহিয়া ও ভূল্লী উপজেলা নিয়ে গঠিত। উপনির্বাচনে অংশ নিতে মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাদের মধ্যে বিএনপির দুই প্রার্থীসহ ছয়জনের মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়।
বিএনপির এক প্রার্থী সরে দাঁড়ানোয় বর্তমানে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন মির্জা ফয়সল আমিন, ১১-দলীয় ঐক্যের প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
উল্লেখ্য, বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আসনের সংসদ সদস্য ছিলেন। গত ২১ আগস্ট রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পরদিন ২২ আগস্ট আসনটি শূন্য ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশন গত ১০ সেপ্টেম্বর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর আনুষ্ঠানিকভাবে শুরু হবে নির্বাচনী প্রচারণা, যা চলবে ২৭ অক্টোবর সকাল পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৯ অক্টোবর।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, “ওবায়দুল্লাহ মাসুদ তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ফলে বিএনপির প্রার্থী হিসেবে এখন মির্জা ফয়সল আমিনই রয়েছেন। প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।”