আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দেশের শপিংমল, মার্কেট ও দোকানপাটের ব্যবসায়িক সময় বাড়িয়েছে সরকার। আগামী ২২ অক্টোবর পর্যন্ত এসব প্রতিষ্ঠান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিদ্যুৎ বিভাগ এ সংক্রান্ত একটি চিঠি জারি করে। বর্তমানে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার নিয়ম চালু রয়েছে।
বিদ্যুৎ বিভাগের নির্দেশনা অনুযায়ী, দুর্গাপূজাকে কেন্দ্র করে ২২ অক্টোবর পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকানপাট সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে ২৩ অক্টোবর থেকে আগের সময়সূচি অনুযায়ী সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখতে হবে।
এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দেশের সব সিটি করপোরেশনের মেয়র বা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠানো হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ দোকান মালিক সমিতি ও ঢাকা দোকান মালিক সমিতিকেও বিষয়টি অবহিত করা হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) এবং নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানিকে (নেসকো) চিঠির অনুলিপি দেওয়া হয়েছে।
বিদ্যুৎ সাশ্রয় ও ব্যবস্থাপনা কার্যকর করতে গত ১২ আগস্ট সরকার দোকানপাট বন্ধের সময় রাত ৯টা থেকে কমিয়ে রাত ৮টা নির্ধারণ করে। এর আগে জুন মাসে রাত ৯টা পর্যন্ত এবং কোরবানির ঈদ উপলক্ষে মে মাসে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল।
চলতি বছর জ্বালানি সংকটের কারণে কয়েক দফা দোকানপাট খোলা রাখার সময়সূচিতে পরিবর্তন আনে সরকার। এপ্রিল মাসে প্রথমে সন্ধ্যা ৬টার মধ্যে দোকান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলেও পরে ব্যবসায়ীদের দাবির মুখে তা সন্ধ্যা ৭টা পর্যন্ত বাড়ানো হয়।
উল্লেখ্য, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১১৪ ধারা অনুযায়ী সাধারণভাবে রাত ৮টার পর দোকান খোলা না রাখার বিধান রয়েছে। তবে বিশেষ পরিস্থিতিতে সরকার সময়সূচিতে পরিবর্তন আনার ক্ষমতা রাখে।