নারী ক্রীড়াবিদদের নিরাপত্তা নিশ্চিত এবং যেকোনো ধরনের হয়রানি প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে যুব সমাজকে মাদকমুক্ত রাখতে বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের আওতায় আনা এবং উপজেলা পর্যায়ে প্রতিবছর নিয়মিত খেলাধুলার আয়োজনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মো. আবুল খায়ের ভুঁইয়ার সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্যরা ছাড়াও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং এর অধীনস্থ বিভিন্ন দফতর ও সংস্থার কার্যক্রম নিয়ে বিস্তারিত উপস্থাপনা করা হয়। সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় বাস্তবায়িত কার্যক্রম সম্পর্কেও কমিটিকে অবহিত করা হয়।
বৈঠকে যুবকদের মাদকাসক্তি থেকে দূরে রাখতে কর্মমুখী প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের সুপারিশ করা হয়। পাশাপাশি সারা দেশে উপজেলা পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়।
এছাড়া ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’ কার্যক্রমের প্রচার বাড়াতে ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে ব্যাপক প্রচারণা চালানোর সুপারিশ করেছে কমিটি।
উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করে কমিটি বলেছে, প্রকল্প কর্মকর্তাদের সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ঠেকাতে কঠোর নজরদারি ও মাননিয়ন্ত্রণ নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারের আলোকে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণ এবং পর্যায়ক্রমে সারা দেশে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট সংসদ সদস্যদের সক্রিয় ভূমিকা রাখারও সুপারিশ করা হয়েছে।
বৈঠকের শুরুতে কমিটির সভাপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মহান মুক্তিযুদ্ধে শহিদ বীর মুক্তিযোদ্ধা এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহতদের স্মরণ করেন। একই সঙ্গে আহতদের প্রতি সমবেদনা জানান।
বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সংস্থা ও অধিদফতরের প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






















