দেশব্যাপী বিনামূল্যে ১০ লাখ মানুষের ছানি অপারেশন এবং ১ কোটি চশমা বিতরণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। একই সঙ্গে আগামী পাঁচ বছরে প্রায় ২ কোটি মানুষকে প্রাথমিক চক্ষু চিকিৎসাসেবার আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইএনজিও ফোরাম ও ন্যাশনাল ইনস্টিটিউট অব অফথালমোলজি অ্যান্ড হসপিটালের (এনআইওঅ্যান্ডএইচ) যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, দেশের চক্ষু স্বাস্থ্যের উন্নয়ন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে আগামী পাঁচ বছরে ১৩০ মিলিয়ন বা ১৩ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে সরকার।
এই বিনিয়োগের আওতায় ১০ লাখ ছানি অপারেশন, ১ কোটি চশমা বিতরণ এবং প্রায় ২ কোটি মানুষকে প্রাথমিক চক্ষু চিকিৎসাসেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, দেশের প্রতিটি জেলা ও প্রত্যন্ত অঞ্চলে চক্ষু চিকিৎসাসেবা সম্প্রসারণ করা হবে। পাশাপাশি চক্ষু চিকিৎসকদের প্রশিক্ষণ, চিকিৎসাসেবার অবকাঠামো উন্নয়ন এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাড়ানো হবে।
সরকারের এই কর্মসূচিতে স্কুল শিক্ষার্থীদেরও অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, শিক্ষার্থীদের দৃষ্টিশক্তি পরীক্ষা, প্রয়োজনীয় চশমা প্রদান এবং অন্যান্য চক্ষু চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও বলেন, জনগণের দোরগোড়ায় মানসম্মত ও সহজলভ্য চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে চক্ষু স্বাস্থ্যসেবার পরিধি আরও বিস্তৃত করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব অফথালমোলজি অ্যান্ড হসপিটালের পরিচালক ডা. সৈয়দ মেহবুব উল কাদির।
এ সময় আইএপিবির বাংলাদেশ চ্যাপ্টারের কান্ট্রি চেয়ার ও অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনির আহমেদ, ওএসবির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মো. জিন্নু রেইন (নিউটন) এবং ওএসবির প্রেসিডেন্ট ডা. মো. তৌহিদুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।