নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মজুতের অপরাধে চাঁদপুরে দুই আড়তদারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অভিযান চালিয়ে ৩০ কেজি ইলিশ ও ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা।
অভিযানটি রনগোয়াল, দোকানঘর, বহরিয়া, হরিনা, আলুবাজার ফেরিঘাট খাল, আখনের ঘাট, নন্দী ঘাট, রাজরাজেশ্বর ও বড় স্টেশন মাছঘাট এলাকায় চালানো হয়। এতে সদর উপজেলা মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌপুলিশের সদস্যরা অংশ নেন।
অভিযানে বড় স্টেশন মাছঘাটের আড়তদার মো. সেলিম ও মো. রফিককে ইলিশ মজুতের অপরাধে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক। তিনি জানান, জব্দ করা ইলিশ ও কারেন্টজালের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। মা ইলিশ সংরক্ষণে জেলা ও উপজেলা টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে।