দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনা কাটিয়ে রংপুরের উন্নয়নে প্রধানমন্ত্রীর দেওয়া বিশেষ বরাদ্দ যথাযথভাবে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডন।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে একনেকের সভা শেষে ঢাকা থেকে রংপুরে ফেরার পথে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে নেতাকর্মীরা তাঁকে অভ্যর্থনা জানান। এ সময় নেতাকর্মীদের অনেকে তাঁকে বুকে জড়িয়ে ধরেন এবং রংপুরের উন্নয়নের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
নেতাকর্মীদের ভালোবাসা ও অভ্যর্থনায় কৃতজ্ঞতা প্রকাশ করে প্রশাসক ডন বলেন, রংপুরের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও কষ্টের কথা প্রধানমন্ত্রী জানেন। সেই উপলব্ধি থেকেই তিনি রংপুরের উন্নয়নে বিশেষ বরাদ্দ দিয়েছেন। এ জন্য রংপুরবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
ডন বলেন, প্রধানমন্ত্রী তাঁর ওপর আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছেন, তা তিনি নিষ্ঠার সঙ্গে পালন করবেন। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে উন্নয়ন বরাদ্দের প্রতিটি প্রকল্প বাস্তবায়ন করা হবে।
রংপুরের উন্নয়নে প্রধানমন্ত্রীর আরও সহযোগিতা প্রত্যাশা করে সিটি করপোরেশনের প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী রংপুরের বাস্তবতা ও দীর্ঘদিনের বঞ্চনা সম্পর্কে অবগত। তাই বিশেষ বরাদ্দের পাশাপাশি ভবিষ্যতেও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সর্বাত্মক সহযোগিতা পাওয়া যাবে বলে তিনি আশাবাদী।
রংপুরের উন্নয়ন বরাদ্দ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, এমন কোনো শব্দ ব্যবহার করতে চান না, যাতে কেউ কষ্ট পান।
উল্লেখ্য, গত ৬ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় রংপুরের উন্নয়নে মোট ১ হাজার ৮১৩ কোটি ২৮ লাখ ৩১ হাজার টাকা ব্যয়ের দুটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।