দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯২০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৮২৪ জন রয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৫৬ জন, খুলনা বিভাগে ২৫৪ জন, বরিশাল বিভাগে ২১৫ জন, রাজশাহী বিভাগে ১৭০ জন, ময়মনসিংহ বিভাগে ১১৪ জন, রংপুর বিভাগে ৭০ জন এবং সিলেট বিভাগে ১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৫ হাজার ৩১৬ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে ৯৯ হাজার ২০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৫ হাজার ৭৯৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩২১ জনে।