স্থানীয়দের ভাষ্য, চলতি মৌসুমে এটিই প্রথম উল্লেখযোগ্য কুয়াশা। কয়েক দিন ধরে রাতের তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। ভোরের কুয়াশা আর ঘাসের ডগায় জমে থাকা শিশির জানান দিচ্ছে ঋতু বদলের বার্তা।
স্কুলশিক্ষার্থী সাদিক ও জিহাদ জানায়, এখনো পুরোদমে শীত শুরু না হলেও সকালের কুয়াশা দেখতে তাদের বেশ ভালো লাগে। কুয়াশা উপভোগ করতে তারা সকাল সকাল ঘুম থেকে উঠছে। তাদের মতে, সকাল সাড়ে ৭টা থেকে ৮টা পর্যন্ত কুয়াশা থাকে। এরপর ধীরে ধীরে পরিষ্কার হয়ে আসে চারপাশ।
সৈয়দপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা আইয়ুব আলী জানান, আবহাওয়ায় শীতের আমেজ অনুভূত হচ্ছে। তবে অক্টোবরেই পুরোদমে শীত নামবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
তিনি জানান, বৃহস্পতিবার সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে চলতি মাসের ১০ অক্টোবর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
ভোরের কুয়াশা, ঘাসে শিশির আর হিমেল বাতাসে উত্তরের জনপদে শীতের আগমনী বার্তা মিললেও শীতের প্রকৃত তীব্রতা বুঝতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।