পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে প্রমাণ হয়েছে, সনাতন ধর্মাবলম্বীরা কারও পকেটের ভোটার নন। তাঁরা স্বাধীনতা ও বাংলাদেশের মানচিত্রের পক্ষের মানুষ।
সোমবার (১৯ অক্টোবর) পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নে পাঁচ শতাধিক সনাতন ধর্মাবলম্বীর মধ্যে দুর্গাপূজার উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে হিন্দু-মুসলমান একসঙ্গে লড়াই করে বাংলাদেশের পতাকা ছিনিয়ে এনেছেন। অথচ যারা সেদিন বাংলাদেশকে স্বাধীন হিসেবে দেখতে চায়নি এবং স্বাধীনতাকামী মানুষের ওপর অন্যায়-অত্যাচার করেছে, তারাই এখন মব সৃষ্টি করে দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।
ফরহাদ হোসেন আজাদ আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীদের কুপ্ররোচনা দিয়ে নিজেদের দলে ভেড়ানোর চেষ্টা চলছে।
নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, পূজা উপলক্ষে সরকার ইতোমধ্যে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা নিয়েছে। বিএনপি দলীয়ভাবে স্বেচ্ছাসেবক নিয়োগ করেছে। তাঁর ভাষ্য, বিএনপি সরকার বিশ্বাস করে, হিন্দু-মুসলমানের ঐক্যবদ্ধ অংশগ্রহণেই নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব।
অনুষ্ঠানে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, পাঁচপীর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির লায়নসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।