রংপুরের কাউনিয়ায় ফখরুল আলম রতন (৫০) নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিচরণ লস্কর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফখরুল আলম রতন ওই গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা নয়নের বড় ভাই।
নিহতের স্বজন, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ফখরুল আলম একটি বেসরকারি সংস্থায় (এনজিও) চাকরি করতেন। চাকরি ছেড়ে বর্তমানে বাড়িতে থেকে জমিজমা দেখাশোনা করতেন তিনি। সোমবার বিকেলে বাড়ি থেকে বের হলে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁকে ঘিরে ধরে। পরে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় তারা।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ফখরুল আলম রতন আওয়ামী লীগের কর্মী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে এবং কারা এতে জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে স্থানীয় কয়েকজনের সঙ্গে আধিপত্য বিস্তারসহ বিভিন্ন বিষয় নিয়ে তাঁর বিরোধ চলছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের ধারণা, বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল চন্দ্র মণ্ডল জানান, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।