২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের নির্বাচনি বা টেস্ট পরীক্ষা আগামী ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বরের মধ্যে নেওয়ার নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড। ইতোমধ্যে এসএসসি পরীক্ষার ফরম পূরণসংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফেল করা ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ছাড়া অন্য সব শিক্ষার্থীর টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক। টেস্ট পরীক্ষার ফল প্রকাশ করতে হবে ১৫ নভেম্বর ২০২৬-এর মধ্যে।
বোর্ডের নির্দেশনা অনুযায়ী, নিয়মিত পরীক্ষার্থীদের ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুসারে প্রণীত প্রশ্নপত্রে টেস্ট পরীক্ষা দিতে হবে।
অন্যদিকে, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের ২০২৫-২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী তৈরি প্রশ্নপত্রে অংশ নিতে হবে।
সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার এডুকেশন বিষয়ে এনসিটিবির নির্দেশনা অনুযায়ী ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে নম্বর নির্ধারণ করা হবে। পরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রে এসব নম্বর সরবরাহ করবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নে পাওয়া নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে পাঠাবে। পাশাপাশি ব্যবহারিক ও ধারাবাহিক মূল্যায়নের হাতে লেখা মূল নম্বরপত্র মাধ্যমিক পরীক্ষা শাখায় সরাসরি জমা দিতে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কেন্দ্রগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে এসব কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।