জামালপুরের মেলান্দহে সাংবাদিক, পুলিশ ও প্রশাসনের সদস্যদের মারধরের হুমকি দেওয়ার অভিযোগে মো. আজমাইন হোসেন লাঞ্জু (২২) নামে এক ছাত্রদল কর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে মেলান্দহ উপজেলা পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়। আজমাইন উপজেলার পূর্ব মালঞ্চ এলাকার সুজা মিয়ার ছেলে। তিনি মেলান্দহ উপজেলা ছাত্রদলের কর্মী বলে জানা গেছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডে আজমাইনকে সাংবাদিক, পুলিশ ও প্রশাসনের সদস্যদের মারধরের হুমকি দিতে শোনা যায়। অডিওটি মেলান্দহ উপজেলা ছাত্রদলের একটি মেসেঞ্জার গ্রুপে পাঠানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
অডিওতে তাকে বলতে শোনা যায়, বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় ছাত্রদল হয়ে সাংবাদিক, পুলিশ ও প্রশাসনের কয়েকজনকে মারধর করতে না পারলে কী লাভ—এমন মন্তব্য করেন তিনি। এ ছাড়া ‘জুয়েল ভাইয়ের’ নির্দেশ পেলে সাংবাদিকদের মারধর করে পরে সংসদ সদস্যের সঙ্গে কথা বলে বিষয়টি সামাল দেওয়ার কথাও বলতে শোনা যায় তাকে।
তবে কী কারণে তিনি এমন হুমকি দিয়েছেন, তা জানা যায়নি।
জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান ভূঞা বলেন, সাংবাদিক, পুলিশ ও প্রশাসনের সদস্যদের মারধরের হুমকি দেওয়ার ঘটনায় আজমাইনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে।