মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ

  • সবশেষ আপডেট : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৩৬ জন সংবাদটি দেখেছেন
জ্বালানি তেল-ফাইল ফবি
জ্বালানি তেল-ফাইল ফবি

মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক লাফে ৩ ডলারের বেশি বেড়েছে। সৌদি আরবে হুথি বিদ্রোহীদের হামলা এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উপকূলে তেল ছড়িয়ে পড়ার ঘটনায় সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। শুক্রবারের লেনদেন শেষে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ৫৫ ডলার বা ৩ দশমিক ১৪ শতাংশ বেড়ে ১১৬ দশমিক ৭২ ডলারে দাঁড়িয়েছে। গত ২৯ এপ্রিলের পর এটি ব্রেন্টের সর্বোচ্চ সমাপনী দর।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ৮০ ডলার বা ৩ দশমিক ৮ শতাংশ বেড়ে ১০৩ দশমিক ২৭ ডলারে উঠেছে। পুরো সপ্তাহে ব্রেন্টের দাম বেড়েছে ৬ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের ২ দশমিক ৩ শতাংশ।

এলপিএল ফাইন্যান্সিয়ালের প্রধান ক্রস-অ্যাসেট কৌশলবিদ অ্যাডাম টার্নকুইস্ট বলেন, ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সৌদি আরবের বিভিন্ন স্থানে, বিশেষ করে জ্বালানি অবকাঠামোয় ধারাবাহিক হামলার কারণে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা বেড়েছে। এর প্রভাব পড়েছে তেলের বাজারে।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, বৃহস্পতিবার সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকো বাহরাইনের কাছাকাছি উপসাগরীয় উপকূলীয় শহর ধাহরানে অবস্থিত সদর দপ্তর থেকে কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানিকারক সৌদি আরবের সঙ্গে ইয়েমেনভিত্তিক হুথিদের সংঘাতও তীব্র হয়েছে।

এদিকে, সংযুক্ত আরব আমিরাতের উম্ম আল কুয়াইনের উপকূলে একটি তেলবাহী ট্যাংকার থেকে তেল ছড়িয়ে পড়ার ঘটনা শনাক্ত করেছে দেশটির জলবায়ু পরিবর্তন ও পরিবেশ মন্ত্রণালয়। তবে কী কারণে তেল ছড়িয়েছে বা কোন ট্যাংকার এর সঙ্গে জড়িত, তা নিশ্চিত করা হয়নি।

জাহাজে হামলা নিয়ে উদ্বেগ

জাহাজ চলাচল-সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, গত ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের আল জাজিরা এলাকার পশ্চিমে প্রায় ১৩ নটিক্যাল মাইল বা ২৪ কিলোমিটার দূরে ‘জেম নং ২’ নামের একটি সুপারট্যাংকার অজ্ঞাত বস্তু বা প্রক্ষেপণের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়।

লিপো অয়েল অ্যাসোসিয়েটসের প্রেসিডেন্ট অ্যান্ড্রু লিপো বলেন, গত এক সপ্তাহে ট্যাংকারে ইরানি হামলার ঘটনা বেড়ে যাওয়ায় বাজারে উদ্বেগ তৈরি হয়েছে। হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহনের পরিমাণ বাড়লেও যেকোনো সময় পরিস্থিতির পরিবর্তন হতে পারে।

গত মাসে ইরান-সমর্থিত হুথিরা লোহিত সাগরের প্রবেশমুখে গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব প্রণালির দিকে অগ্রসর হওয়ার পর ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দেওয়া সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে তাদের সংঘর্ষ বেড়েছে।

ওয়াশিংটনভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, চলতি অক্টোবর মাসে হরমুজ প্রণালি ও আশপাশের জলপথে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। প্রতিষ্ঠানটি ২০১৭ সাল থেকে বিশ্বজুড়ে সামুদ্রিক নিরাপত্তা-সংক্রান্ত ঘটনা পর্যবেক্ষণ করছে।

শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ করা সম্ভব। তবে সংঘাতকে ধীরে ধীরে স্তিমিত হতে দেওয়ার বিষয়টিও বিবেচনা করা যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।

কৌশলগত মজুত থেকে তেল ছাড়

সরবরাহ সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ থেকে সর্বোচ্চ ৪ লাখ ব্যারেল অপরিশোধিত তেল জরুরি ভিত্তিতে বিনিময়ের অনুমোদন দিয়েছে। লুইজিয়ানার লেক চার্লস এলাকায় ফিলিপস ৬৬-এর একটি শোধনাগারে সরবরাহ বিঘ্নিত হওয়ায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৮২ সালের পর বর্তমানে যুক্তরাষ্ট্রের কৌশলগত তেলের মজুত সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে সরবরাহব্যবস্থা ব্যাহত হওয়ায় ট্রাম্প প্রশাসন এ মজুত থেকে তেল ব্যবহার করেছে। এর আগে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও কৌশলগত মজুত থেকে তেল ছাড় করেছিলেন।

অন্যদিকে, জার্মানির জাতীয় তেল মজুত সংস্থা ইবিভি কৌশলগত মজুত থেকে ডিজেল, হিটিং অয়েল ও অপরিশোধিত তেল বিক্রির জন্য দরপত্র আহ্বান করেছে।

অক্টোবরের শুরুতে ট্রাম্পের চাপের মুখে জি-৭ভুক্ত দেশগুলো কৌশলগত মজুত থেকে তেল ছাড়তে সম্মত হওয়ার পর জার্মানি এ উদ্যোগ নেয়। দেশটির ইতিহাসে কৌশলগত মজুত থেকে তেল ছাড়ের এটিই প্রথম ঘটনা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com