ঠাকুরগাঁওয়ের হরিপুরে উদয় সাগর পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে পুকুরে নামার পর নিখোঁজ হয় তারা। পরে রোববার (২৫ অক্টোবর) রাত ১টার মধ্যে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনাটি ঘটেছে উপজেলার ২ নম্বর আমগাঁও ইউনিয়ন পরিষদের পাশে অবস্থিত উদয় সাগর পুকুরে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবিবর রহমান চৌধুরী।
নিহতরা হলো দিনাজপুরের বোচাগঞ্জ থানার ভরলা গ্রামের আল ইমরানের ছেলে মিরাজ (১২) এবং হরিপুর উপজেলার আমগাঁও গ্রামের মৃত আবদুল ওহাব সরকারের ছেলে রনক সরকার ওরফে ওমর আলী (১৫)। রনক স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিরাজ এক সপ্তাহ আগে তার নানা কুদ্দুস সরকারের বাড়িতে বেড়াতে আসে। শনিবার দুপুর ২টার দিকে সে বাবার সঙ্গে পুকুরপাড়ে যায়। সেখানে মাছের খাবার দেওয়ার কাজে ব্যবহৃত ড্রামের তৈরি নৌকায় উঠতে চাইলে বাবা তাকে নিষেধ করে বাড়িতে নিয়ে যান।
পরে বিকেল ৩টার দিকে পরিবারের অগোচরে মিরাজ তার সঙ্গী রনককে নিয়ে আবার পুকুরে যায়। তারা ড্রামের নৌকায় করে পুকুরের মাঝখানে গেলে সেটি ডুবে যায়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরপাড়ে রনকের ব্যবহৃত সাইকেল পাওয়া যায়।
খবর পেয়ে হরিপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন পুকুরে তল্লাশি চালিয়ে দুই কিশোরের মরদেহ উদ্ধার করেন।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং কারও কোনো সন্দেহ না থাকায় মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।