সৌদি আরবে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাস ডিজেল ট্যাংকারের সঙ্গে সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন অন্তত ৪২ জন ভারতীয় ওমরাহযাত্রী।
স্থানীয় সময় রোববার রাত ১টা ৩০ মিনিটে মক্কা-মদিনা রুটের মুহরাস বা মুফরিহাত এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মুহরাস থেকে মদিনার দূরত্ব প্রায় ১৬০ কিলোমিটার।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। সৌদিসূত্র জানায়, নিহতদের মধ্যে ২০ জন নারী এবং ১১ জন শিশু। দুর্ঘটনার সময় বাসের অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন।
ওমরাহযাত্রীরা ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার বাসিন্দা ছিলেন। তারা মক্কা থেকে মদিনার উদ্দেশে রওনা দিয়েছিলেন।
তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সোমবার মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, নিহত ও আহতদের নাম-ঠিকানা সংগ্রহ করে খোঁজখবর নিতে রাজ্যপ্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সৌদি দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।
তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদের এমপি আসাদউদ্দিন ওয়াইসি জানান, “ডিজেল ট্যাংকারের সঙ্গে সংঘর্ষের ফলে বাসটিতে আগুন ধরে যায়। আমি সৌদি আরবের ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। নিহত ও আহতদের শনাক্ত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
দুর্ঘটনায় আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের মরদেহ সুরক্ষিত করে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তেলেঙ্গানা রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সিগুলো নিহতদের পরিবারকে সহায়তা নিশ্চিত করছে।