দেশে আগামী ৫ অক্টোবর পর্যন্ত একটি শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয়ের প্রভাব বিরাজ করবে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, এই সময় দেশের প্রায় ৮০ শতাংশ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
এটি চলতি বছরের ১৩তম এবং মৌসুমি বৃষ্টিবলয়ের নবম প্রভাব। সংস্থাটি বলছে, এবারের বৃষ্টিবলয় সবচেয়ে বেশি সক্রিয় থাকবে রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগে। ঢাকা বিভাগেও প্রভাব থাকবে সক্রিয়। তবে সিলেট ও চট্টগ্রাম বিভাগে প্রভাব তুলনামূলকভাবে মাঝারি হতে পারে।
রংপুর বিভাগ: ২৮০–৩৮৫ মিমি
রাজশাহী: ১৭৫–২৫০ মিমি
খুলনা: ১৬০–২১০ মিমি
ময়মনসিংহ: ১৪০–২০০ মিমি
বরিশাল: ১৫০–১৭০ মিমি
ঢাকা: ১২০–১৭০ মিমি
সিলেট: ৮০–১৩০ মিমি
চট্টগ্রাম: ৮০–২০০ মিমি
বিডব্লিউওটির মতে, এ সময় দেশের নদনদীর পানি বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে রংপুর ও রাজশাহীতে তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি আছে। একই সঙ্গে অনেক এলাকায় জলাবদ্ধতাও তৈরি হতে পারে।
সতর্ক করে আবহাওয়া অফিস বলছে, পাহাড়ি এলাকায় (চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান) পাহাড়ধসের ঝুঁকি বাড়বে।সাগর উত্তাল থাকতে পারে, তাই সব ধরনের নৌ-যানকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। টানা বৃষ্টির কারণে কিছু এলাকায় তাপমাত্রা কমে ঠান্ডা অনুভূত হতে পারে।