দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। শুক্রবার সকাল ৮টা ১৫ মিনিটে ড্রুক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (এইচএসআইএ) অবতরণ করেন। সেখানে তাকে স্বাগত জানান বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত বৈঠক হয়। বৈঠকে প্রধানমন্ত্রী টোবগে সকালে সারা দেশে অনুভূত ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। বৈঠক শেষে ভুটানের প্রধানমন্ত্রীকে বিমানবন্দরের অস্থায়ী অভিবাদন মঞ্চে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ১৯ বার তোপধ্বনির সালাম ও গার্ড অব অনার প্রদান করা হয়।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে শেরিং টোবগে সাভারের জাতীয় শহীদ স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন। তিনি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং দর্শনার্থীদের বইতে স্বাক্ষর করবেন।
আজ বিকেলেই কূটনৈতিক বৈঠক রয়েছে তার সূচিতে—
দিনের শেষে ভুটানের প্রধানমন্ত্রীর সম্মানে আয়োজিত একটি সরকারি ভোজসভায় যোগ দেবেন তিনি।