ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, ‘শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের জন্য দিল্লিতে বাংলাদেশের মিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।’ তার ভাষ্য, গত শুক্রবারই (২১ নভেম্বর) ওই চিঠি পাঠানো হয়।
তিনি আরও জানান, ভারতের কাছ থেকে এখনো কোনও জবাব আসেনি।
এর আগে শুক্রবার (২১ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ‘জুলাই আন্দোলন’ চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন। গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন।
সরকারের পক্ষ থেকে জানানো হয়, প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারতকে ইতোমধ্যে একাধিকবার আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছে। ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর ফেরত পাঠানোর বিষয়টি আরও গুরুত্ব পেয়েছে।