ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে বিদেশে অবস্থানরত ১৭ হাজার ৯ শতাধিক বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। নির্বাচন কমিশনের (ইসি) ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের এ তথ্য রোববার সন্ধ্যায় ইসির ওয়েবসাইটের পোস্টাল ভোটিং আপডেটে প্রকাশ করা হয়।
ইসি জানায়, প্রথম পর্যায়ে পূর্ব এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার প্রবাসীরা অ্যাপটির মাধ্যমে ভোটের জন্য নিবন্ধন করছেন। অ্যাপ চালুর পর রোববার রাত ৮টা পর্যন্ত মোট নিবন্ধন দাঁড়িয়েছে ১৭ হাজার ৯০৭ জনে। এর মধ্যে পুরুষ ১৬ হাজার ৩৫৫ জন এবং নারী ১ হাজার ৫৫২ জন।
গত ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন। একই দিন ১৪৮টি দেশের জন্য পোস্টাল ভোটিং নিবন্ধনের সময়সূচিও ঘোষণা করা হয়।
মো. রুহুল আমিন মল্লিক, পরিচালক (জনসংযোগ), ইসি সচিবালয় বলেন—
নিবন্ধনে প্রবাসীদের অবশ্যই বসবাসের দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘Postal Vote BD’ অ্যাপ ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র দিয়ে নিবন্ধন করতে হবে। বিদেশে ব্যালট পৌঁছাতে নির্ভুল ঠিকানা দেওয়ার পরামর্শ দিয়েছে ইসি।
ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন,
“প্রথমবারের মতো বিদেশে বসবাসকারী বাংলাদেশিদের জন্য ওসিভি (আউট অব কান্ট্রি ভোটিং) চালু হওয়া দেশের নির্বাচনি ইতিহাসে বড় অন্তর্ভুক্তি। একই সঙ্গে আইসিপিভি সুবিধার আওতায় প্রায় ১০ লাখ ভোটার অন্তর্ভুক্ত করা হচ্ছে।”
তিনি আরও জানান, জাতীয় নির্বাচনের পাশাপাশি একইদিনে গণভোট আয়োজন কমিশনের জন্য অতিরিক্ত দায়িত্ব হলেও সব প্রস্তুতি সুষ্ঠুভাবে এগিয়ে চলছে।