রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে। যানজটের কারণে ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হওয়ায় আগুনের তীব্রতা দ্রুত বাড়তে থাকে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে বস্তির ভেতর একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়দের ধারণা। খবর পেয়ে বিকেল ৫টা ২২ মিনিটে ফায়ার সার্ভিস প্রথমে ১১টি ইউনিট ঘটনাস্থলে পাঠায়। তবে রাজধানীর তীব্র যানজটের কারণে ৩০ থেকে ৪০ মিনিট পর্যন্ত কোনো ইউনিটই ঘটনাস্থলে প্রবেশ করতে পারেনি।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে প্রথম ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। পরে আরও পাঁচটি ইউনিট যুক্ত হয়ে মোট ১৬টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।
বস্তিবাসীরা জানান, দীর্ঘসময় ফায়ার সার্ভিসের গাড়ি না আসায় আগুন এক ঘর থেকে আরেক ঘরে দ্রুত ছড়িয়ে পড়ে। টিনশেড ঘরগুলোর ওপর দিয়ে শিখা ছড়িয়ে পড়ায় আতঙ্কে অনেকেই ঘরের মালামাল বের করে আনার চেষ্টা করেন।
এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন কীভাবে লাগলো এবং কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে—তা এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা এখনও কাজ করে যাচ্ছেন।