নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কমিশনের সকল প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন হুঁশিয়ারি দিয়েছেন—কেউ নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর বিজিবি সদর দপ্তরে নির্বাচন উপলক্ষে আয়োজিত প্রশিক্ষণ ও মহড়ায় যোগ দিয়ে তিনি এ বক্তব্য দেন।
সিইসি বলেন, নির্বাচনকে ঘিরে মাঠপর্যায়ে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। প্রতিটি বাহিনী তাদের দায়িত্ব যথাযথভাবে পালনে অঙ্গীকারবদ্ধ।
তার ভাষায়, “আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো পুরোপুরি নিখুঁত নয়। তবে আগের তুলনায় পরিস্থিতি স্বাভাবিকতার দিকে যাচ্ছে।”
তিনি জানান, দেশের ভোটকেন্দ্রগুলো সবুজ, হলুদ ও লাল—এই তিন শ্রেণিতে ভাগ করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে কোন বাহিনী মোতায়েন হবে, তা চলতি মাসের মধ্যেই চূড়ান্ত করা হবে। সেনাবাহিনী প্লাটুন আকারে দায়িত্ব পালন করায় প্রতিটি কেন্দ্রে তাদের মোতায়েন সম্ভব নয় বলে জানান তিনি।
ভোট প্রতিহতের ঘোষণাকে কমিশন গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে উল্লেখ করে সিইসি বলেন, “যে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি নির্বাচনের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও মনে করেন, সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকলে নির্বাচনী পরিবেশ নষ্ট করার প্রচেষ্টা কখনো সফল হবে না।