চট্টগ্রামের সাতকানিয়ায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ককে ৬ লেনে রূপান্তরের দাবিতে সড়ক অবরোধ করেছে স্থানীয় বাসিন্দারা। রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কেরানিহাট এলাকায় তারা সড়কে অবস্থান নিলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় অংশগ্রহণকারীরা মহাসড়ক প্রশস্তকরণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, মহাসড়কটি এখন দুর্ঘটনার ঝুঁকিপূর্ণ পথে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই সড়কের বিভিন্ন স্থানে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে। পত্রিকায় চোখ রাখলেই তার প্রমাণ মেলে। বহুদিন ধরে বিভিন্ন দপ্তরে আবেদন ও অনুরোধ জানালেও কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তারা বাধ্য হয়েই সড়কে নামতে হয়েছে।
তাদের আরও দাবি, এই সড়ক শুধু স্থানীয় মানুষের নয়—দেশের পর্যটন, অর্থনীতি এবং কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে মানবিক সহায়তা পৌঁছানোর ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন অসংখ্য যাত্রী ও পণ্যবাহী যানবাহন এই পথে চলাচল করে। অথচ দেশের অন্যতম ব্যস্ত এই মহাসড়কের অনেকাংশ এখনও সরু, ঢালু এবং বাঁকযুক্ত। বিশেষ করে জাঙ্গালিয়া এলাকায় রাস্তা সংকীর্ণ হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি কয়েকগুণ বেশি। আবার রাতে লবণবাহী ট্রাক চলাচলের কারণে সড়ক পিচ্ছিল হয়ে আরও বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হয়। প্রতিটি দুর্ঘটনার পর প্রশস্তকরণের আশ্বাস পাওয়া গেলেও বাস্তবে কাজের কোনো অগ্রগতি নেই বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা।
এ বিষয়ে জানা যায়, একই দাবিতে গত ৬ এপ্রিল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয় এবং প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়। পরে ১১ এপ্রিল অন্তর্বর্তী সরকারের সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খানের কাছেও স্মারকলিপি প্রদান করা হয়। তবে দীর্ঘ সময় পার হলেও দৃশ্যমান কোনো উদ্যোগ না নেওয়ায় স্থানীয়রা পুনরায় আন্দোলনে নেমেছেন।