বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ বা Very Important Person (VIP) হিসেবে ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে তাকে নিরাপত্তা দেওয়ার জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী।
প্রজ্ঞাপনে বলা হয়—
স্পেশাল সিকিউরিটি ফোর্স আইন, ২০২১–এর ধারা ২(ক) অনুসারে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হলো। প্রজ্ঞাপনটি জারির পর থেকে তা অবিলম্বে কার্যকর হবে। এ সিদ্ধান্তের ফলে দেশ-বিদেশে চলাচল, বাসস্থান, চিকিৎসা এবং নিরাপত্তার ক্ষেত্রে খালেদা জিয়া রাষ্ট্রীয় পর্যায়ের বিশেষ নিরাপত্তা সুবিধা পাবেন বলে জানা গেছে।
এদিকে বার্ধক্যজনিত নানা জটিলতায় আক্রান্ত খালেদা জিয়া কয়েক দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সরকারের এই সিদ্ধান্ত দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিএনপি নেতারা একে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন, তবে সরকারের সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক কোনো উদ্দেশ্য রয়েছে কি না তা নিয়েও চলছে নানা আলোচনা।