রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ ছাত্র সংসদ (কাকসু) নির্বাচনের দাবিতে দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের আন্দোলনের পর অবশেষে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছে কলেজ প্রশাসন। এতে স্থবির হয়ে পড়া ক্যাম্পাসে ফের নির্বাচনী উত্তাপ ও শিক্ষার্থীদের মাঝে নতুন উচ্ছ্বাস ফিরে এসেছে।
মঙ্গলবার (২ডিসেম্বর) কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে রোডম্যাপটি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ও স্থানীয় প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। পাশাপাশি নির্বাচন আয়োজনের অনুমতির জন্য মন্ত্রণালয়ে আবেদন পাঠানো হয়েছে। অনুমতি প্রাপ্তির সাপেক্ষেই পুরো প্রক্রিয়া বাস্তবায়িত হবে বলে উল্লেখ করা হয়।
প্রতিটি শিক্ষার্থীর আইডি কার্ড যাচাই ও নিশ্চিতকরণ সম্পন্ন হবে ৭ জানুয়ারি ২০২৬ এর মধ্যে। ছবিসহ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৫ জানুয়ারি ২০২৬ এর মধ্যে। মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পরপরই নির্বাচন কমিশন গঠন করা হবে। কমিশন গঠনের দুই সপ্তাহের মধ্যে ছবিযুক্ত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ।
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের এক সপ্তাহের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা। তফসিল ঘোষণার ২০ দিনের মধ্যে ভোটগ্রহণ শেষ করে ফলাফল প্রকাশ।
কলেজ প্রশাসন জানায়, মন্ত্রণালয় অনুমোদন দ্রুত পাওয়া গেলে ঘোষিত তারিখগুলো আরও আগিয়ে আনা হতে পারে। নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নিশ্চিত করতে কর্তৃপক্ষ ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে।
দীর্ঘ সময় পর ছাত্র সংসদ নির্বাচনের ঘোষণা আসায় শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের অনেকে জানান, কাকসু নির্বাচন শুরু হলে ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চা ও শিক্ষার্থীদের সমস্যা সমাধানে নতুন পথ খুলে যাবে।